ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি(EGCB)
উৎপাদন
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড
(ইজিসিবি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৯৯৬ সালের ২৩ নভেম্বর মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড নামে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে এবং ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড রাখা হয়। পরবর্তীতে ২০০৯ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীনস্থ এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকার ইস্কাটন গার্ডেনে অবস্থিত।
ইজিসিবির মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও মানসম্মত বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় উন্নয়নে অবদান রাখা। বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালনাধীন
চারটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে—সিদ্ধিরগঞ্জ ২×১২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট, হরিপুর ৪১২ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং ফেনীর সোনাগাজীতে ৭৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা প্রায় ১,০৩২ মেগাওয়াট।
দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে ২০৪১ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা প্রায় ৬,০০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়।