ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (DPDC)

বিতরণ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন একটি রাষ্ট্রায়ত্ত পাবলিক লিমিটেড বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান। বিদ্যুৎ খাতের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ২৫ অক্টোবর ২০০৫ সালে কোম্পানিটি কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে প্রতিষ্ঠিত হয় এবং ১ জুলাই ২০০৮ সালে তৎকালীন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি (ডেসা)-এর সকল সম্পদ, দায়-দায়িত্ব ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ডিপিডিসি প্রায় ২৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ঢাকা মহানগরের দক্ষিণাংশ এবং নারায়ণগঞ্জ জেলার নির্ধারিত অঞ্চলে বিদ্যুৎ বিতরণ সেবা প্রদান করছে।


প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ৬,৫১৩ কিলোমিটার,

যার মধ্যে ১৩২ কেভি সঞ্চালন লাইন ২৮২ কিলোমিটার

 ৩৩ কেভি বিতরণ লাইন ৫২৩ কিলোমিটার এবং ১১/০.৪ কেভি বিতরণ লাইন ৫,৭০৮ কিলোমিটার।


ডিপিডিসির অধীনে বর্তমানে ৯৮টি উপকেন্দ্র (Substation),

২৪,৮০৪টি বিতরণ ট্রান্সফরমার এবং ৫,৮৪৬ এমভিএ ক্ষমতাসম্পন্ন ৩৩/১১ কেভি বিতরণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে।

 ২০২৪–২০২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১১,৪৬০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ গ্রহণ করে ১০,৮৩১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ গ্রাহকদের নিকট সরবরাহ করেছে এবং সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ২,১৪৪.১০ মেগাওয়াট।

বর্তমানে প্রায় ১৯.৪৪ লক্ষ গ্রাহককে নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা প্রদানকারী ডিপিডিসি সিস্টেম লস ৫.৪৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে, যা দেশের বিদ্যুৎ বিতরণ খাতে একটি উল্লেখযোগ্য অর্জন।


প্রতিষ্ঠানটি নতুন বিদ্যুৎ সংযোগ, লোড বৃদ্ধি, প্রিপেইড ও পোস্টপেইড মিটারিং, অনলাইন বিল পরিশোধ, নেট মিটারিং, স্মার্ট মিটারিং, অটোমেটেড মিটার রিডিং (AMR), অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (AMI), সাবস্টেশন অটোমেশন (SAS), জিআইএস (GIS), আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ইআরপি (ERP), ড্রোনভিত্তিক নেটওয়ার্ক পর্যবেক্ষণ, ২৪×৭ কল সেন্টার, স্মার্ট গ্রিড, ADMS ও SCADA বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছে।


নিরবচ্ছিন্ন, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্পায়ন, নগর উন্নয়ন এবং বাংলাদেশের টেকসই বিদ্যুৎ খাতের অগ্রযাত্রায় ডিপিডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।